দুর্গাপুরে অ্যালকোহলসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫ সদস্যরা। গত সোমবার বিকেল এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে আটককৃতরা হলো, দুর্গাপুর উপজেলার বাসিন্দা আলাউদ্দিন সরদার (৪৫) ও একই এলাকার বাসিন্দা রতন আলী (৩৫)। র‌্যাব-৫ জানায়, সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে, দুর্গাপুর থানার দাওকান্দি এলাকায় কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা অবৈধ অ্যালকোহল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় খাকি কাগজের কার্টন থেকে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়। র‌্যাবের দাবি, আটক  দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট