সাইবার ঝুঁকিতে তৃতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নতুন প্রভাত ডেক্স:

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা হচ্ছে না।

গত বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। শনিবার সকাল ৮টা পর্যন্ত ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। সেখানে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করছে। তবে এটি পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানানো হয়নি। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংযোগ স্বাভাবিক রয়েছে।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে দুর্বৃত্তরা সার্ভারে অনুপ্রবেশ, তথ্য চুরি কিংবা অনলাইন সেবা ব্যাহত করতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তা সংস্থাও সতর্কতা জারি করেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আক্রান্ত সার্ভারে দ্রুত হালনাগাদ প্রয়োগের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। ঘটনাটি দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছিল।

সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট