শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬৪ বস্তা সারবোঝাই দুটি ট্রলি আটক করেছেন স্থানীয়রা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৃথকভাবে ট্রলি দুটি আটক করা হয়। স্থানীয়রা জানান, চাহিদা অনুযায়ী সার না পেয়ে এমনিতেই ভোগান্তিতে রয়েছেন কৃষকরা। এর মধ্যে সারবোঝাই ট্রলি চলাচল করতে দেখে সন্দেহ হলে তারা সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। গোপালনগর এলাকায় আটক ট্রলিতে ১১৬ বস্তা সার ছিল। এর মধ্যে ১১০ বস্তা ডিএপি ও ছয় বস্তা এমওপি সার। এসব সার নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুরে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। সারগুলোর মালিক ব্যবসায়ী মসিউর রহমান। তার দাবি, নিজের ১০০ বিঘা কলাবাগানে প্রয়োগের জন্য এসব সার নিয়ে যাচ্ছিলেন তিনি।

অন্যদিকে, উমরপুর এলাকায় ৪৮ বস্তা সারবোঝাই আরেকটি ট্রলি আটক করেন স্থানীয়রা। এসব সারের মালিক মনাকষা ইউনিয়নের জাহিদ আলী বলে জানা গেছে। ট্রলিতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, ১৬৪ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট