শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও অধ্যবসায় করতে হবে: আরএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম বলেছেন, শিক্ষার্থীদের নিয়মিত ও সুশৃঙ্খল জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। সেই সাথে পর্যাপ্ত ঘুম ও শরীরের যত্নের মাধ্যমে দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম থাকা সম্ভব। রাস্তাঘাটের অনিয়ন্ত্রিত ভাজাপোড়া ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ কর্তৃক সহকর্মীদের সন্তানদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল বিষয়ে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে এ প্লাস অর্জন করে মেধাবৃত্তি লাভ করা অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ একটি অর্জন। শিক্ষার্থীরা তাদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের একটি ধাপ মাত্র; এখান থেকেই জীবনের নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। শিক্ষার্থীরা বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে যা অত্যান্ত গৌরবের বিষয় এবং ভবিষ্যতে তারাই সমাজ, দেশ ও বিশ্বকে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মোট ৬৯ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: গোলাম রব্বানী শেখ পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো: আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
