বাঘায় ফুটবল একাডেমী উদ্বোধন করলেন এমপি চাঁদ
বাঘা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রাজশাহীর বাঘায় বাঘা উপজেলা ফুটবল একাডেমীর (ইটঋঅ) শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি (রাজশাহী-৬) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
তিনি বলেন,”খেলাধুলাই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। বাঘার মাটিতে এই একাডেমী থেকে আগামীতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। মাদকমুক্ত বাঘা গড়তে খেলার মাঠে যুবকদের ফিরিয়ে আনতে হবে। এই একাডেমীর পাশে আমি সব সময় আছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
স্বাগত বক্তব্যে এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “আজকের যুব সমাজ মাদক, অনলাইন জুয়া ও মোবাইলে প্রতারণা (হ্যাকিং) করে টাকা হাতিয়ে নেওয়ার মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবক্ষয় থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে, মাদক, জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখার জন্যই আমাদের এই ফুটবল একাডেমীর আয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোচ মামুনুল ইসলাম জেড, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, ওসি সেরাজুল হক, বিএনপি নেতা আশরাফ আলী মলিন, সাইফুল ইসলাম, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, বাবুল ইসলাম,সুরুজ্জামান সুরুজ, সালেহ আহমেদ সালাম, মুখলেসুর রহমান মুকুলসহ ফুটবল একাডেমীর ক্যাপ্টেন রোকন আহমেদ। শেষে এমপি,কোচ ও ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
