চাঁপাইয়ে বোমা বিস্ফোরণের  ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে লুকিয়ে রাখা ২৫-৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক ও তার স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করে। মামলায় বাড়ির মালিক ইয়াহিয়া ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ঘটনার পর বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন একটি মাছের ঘেরকে কেন্দ্র করে গত ৩-৪ দিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষে রয়েছেন ইয়াহিয়া সালাম ও বাবু এবং অন্য পক্ষে রয়েছেন আবদুস সালাম কালু। এ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ইয়াহিয়ার বাড়িতে ককটেল মজুত করে রাখা হয়েছিল বলে জানা গেছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিয়া (মুসা মাওলানা পাড়া) গ্রামের ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝের নিচে পুঁতে রাখা ২৫-৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। এতে ঘরের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইয়াহিয়া ও তার স্ত্রীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট