রাজশাহীতে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগরীর বিভিন্ন ইউনিট সভাপতিদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে সংগঠন সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা, আত্মগঠন, মানোন্নয়ন এবং তৃণমূলে সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। শিক্ষা শিবিরের শুরুতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। দারসুল কুরআন উপস্থাপন করেন মহানগরীর মানবসম্পদ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন। ‘সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। ‘সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা’ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি, মহানগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। শিক্ষা শিবিরের বক্তারা মাসনুন দোয়া পরিচালনা করেন মহানগরীর তালিমুল কুরআন সম্পাদক মাওলানা মো. ইয়াহিয়া। শিক্ষা শিবিরের সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
