বিজিবির অভিযান রাজশাহীতে উদ্ধার ২৬ কষ্টি পাথরের মুর্তি ও ১ হাজার ৮১৮ মুদ্রা জাদুঘরে হস্তান্তর
স্টাফ রিপোর্টার
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধারকৃত ২৬টি কষ্টি পাথরের মুর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ১ বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগকে পাথর এবং মদ্রা হস্তান্তর করা হয়।
১ বিজিবি জানায়- সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে পরিচালক মো. সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট দলের কাছে হস্তান্তর করেছেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারী। ১ বিজিবি জানায়- প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। তাই প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার হওয়া প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
