বিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আ.লীগ হরণ করেছে : এমপি চাঁদ
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বাঘা উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পর জিয়াউর রহমানই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় বসে সেই গণতন্ত্রকে হরণ করেছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। মানুষের অকল্যাণ বয়ে আনুক আমরা এমন কোন কাজ করবো না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর নেজাম উদ্দিন আহমেদ তালুকদার। তিনি বলেন, পেশাজীবীদের সংগঠন হলো জিয়া পরিষদ। তাই প্রত্যেক নেতা কর্মীদের জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে চলতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, আশরাফ আলী মলিন, নুরুজ্জামান খান মানিক,কামাল হোসেন,তফিকুল ইসলাম তফি, আবদুল লতিফ, জিয়া পরিষদের কামরুজ্জামান সেন্টু, প্রভাষক তাহমিদুল হক, অধ্যক্ষ জহুরুল ইসলাম, বিলকিস নাহার বানু, কৃষক দলের নেতা সেলিম আরিফ প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ,বাঘা উপজেলা শাখার সভাপতি বাবুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, জিয়া পরিষদের শফিকুল ইসলাম সানা ও এনামুল হক। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
