সাপাহারে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সাপাহার প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয় ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাপাহার থানা চত্বরের পুকুরেও মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি প্রতিষ্ঠান ও জলাশয়ে মোট ২৮৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট