এবার প্রেমের টানে রংপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে
মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়। এরপর প্রায় এক বছর ধরে নিয়মিত কথাবার্তা ও যোগাযোগ। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আয়ান ইসলামের আগের নাম ঝাওহুইয়ান। তাঁর বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামে। নববধূ আবিদা সুলতানার বাড়ি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঝাওহুইয়ানের সঙ্গে আবিদার পরিচয় হয়। এরপর নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আবিদাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ঝাওহুইয়ান।
গত ২৫ আগস্ট ভোরে বাংলাদেশে আসেন তিনি। ঢাকায় পৌঁছানোর পর বাসে করে রংপুরে যান। পরে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন। বিষয়টি দুই পরিবারের সদস্যদের জানানো হলে তাঁদের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। গত ৯ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেন ঝাওহুইয়ান। এরপর তাঁর নাম রাখা হয় আয়ান ইসলাম। পরদিন বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আবিদার পরিবারের সদস্যরা জানান, আয়ানের সঙ্গে আবিদার আগে থেকেই যোগাযোগ ও সম্পর্ক ছিল। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন। শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, ‘তাঁদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে তাঁদের বিয়ে হয়েছে।’
চীন থেকে এক যুবক পীরগঞ্জে এসে বিয়ে করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতিকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় করছেন আশপাশের অনেক মানুষ। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেমিকাকে বিয়ে করতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে এসেছিলেন চীনা নাগরিক ডং লিয়াং। তবে প্রেমিকার পরিবার ও স্থানীয়দের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিয়ে না করে তাঁকে ঢাকায় চীনা দূতাবাসে যেতে হয়েছিল। সূত্র : কালের কণ্ঠ
