নগরীতে অনলাইন জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে মহানগর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়। সোমবার(২৬ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ তাকে নগরের বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে। সে রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) গ্রামের মৃত মশিউজ্জামান সুজার ছেলে মো: মাখসেদুজ্জামান স্বপ্ন (২৩)।
এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে জব্দ করা ২টি স্মার্টফোন তল্লাশি করে ১টি জিমেইল আইডি, ৩টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ১টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ৯টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ৫টি অ্যাপস পাওয়া যায়। আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
