রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের পেছনের ওয়াগান থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। তিন সদস্যের কমিটি বিষয়টি তদন্ত করবে। গতকাল বুধবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর তেল চুরির সাথে জড়িত ওয়েম্যানকে কাজে যোগ দিতেও দেয়া হয়নি।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোল রুমের নজরে আসে। ভিডিওটিতে রেলওয়ের কিরণ আলী নামের একজন ওয়েম্যানকে দেখা গেছে। গতকাল বুধবার ওয়েম্যান কিরণ আলী কাজে আসলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে হরিয়ানের ৬ নম্বর গ্যাংয়ে মেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘সকালে কিরণ কাজে এসেছিল। পিডব্লিউআই বাকিতুল্লাহ তাকে কাজ করতে নিষেধ করেছেন। তাই তিনি বাড়িতে চলে গেছেন।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, তিনি তেল চুরির ভিডিওটি দেখেছেন। রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, চলন্ত ট্রেন থেকে তেল চুরি হয়েছে। তেলের ওয়াগান খালি ছিল। সেখানে তেল কোথা থেকে আসল। কে রাখল তেল, সেটা দেখার বিষয়। যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
