সম্পাদকীয়

কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে

দেশে গ্যাস-বিদ্যুতের সংকটের পাশাপাশি সার সংকটও চলছে। ফসল ফলানোর মৌসুমের শুরুতে সার সংকটে পড়েছেন কৃষকরা। বিশেষ করে ফসলের ভা-ারখ্যাত উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাসহ দেশের অন্যান্য জেলায় কৃষকরা সময়মতো সরা পাচ্ছে না। এজন্য উত্তেজিত কৃষকরা সড়ক অবরোধসহ ডিলার পয়েন্ট থেকে সার লুট করে নিয়ে যাচ্ছে। গতকাল বিভিন্ন দৈনিকের প্রতিবেদন থেকে জানা যায়, কুড়িগ্রাম, রাজশাহী, লালমনিরহাট, মাগুরা, শেরপুরে সার না পেয়ে কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের বক্তব্য এখন রোপা আমন ধান চাষের সময়। এ সময়ে জমিতে সার দিতে হয়। তারা সার পাচ্ছে না। ডিলারদের গোডাউনের সামনে দীর্ঘ সময় লাইন দিয়েও সার পাচ্ছে না। এতে কোনো কোনো এলাকায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে গোডাউন থেকে জোর করে সার নিয়ে গেছে। অনেকে জায়গায় সড়ক অবরোধ করেছে। কৃষকদের প্রশ্ন সময়মতো সার না পেলে ফসল ফলাবো কী করে? তাদের দাবি, সার সংকটের জন্য দায়ী সিন্ডিকেট। এই সিন্ডিকেট চক্রান্ত করে বেশি দামে বিক্রি করার জন্য সার সংকট তৈরি করছে। কৃষকদের অনেকে খোলা বাজারে সার বিক্রির দাবি করেছেন। এতে সিন্ডিকেট ভেঙে যাবে। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার এক ধরনের ষড়যন্ত্র যে হচ্ছে, তা বুঝতে অসুবিধা হয় না। গ্যাস-বিদ্যুৎ সংকটকে পুঁজি করে বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিও পালিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন, অল্প কয়েকদিনের মধ্যে গ্যাস-বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হবে। ইতোমধ্যে এ সংকট কিছুটা কাটতে শুরু করেছে। তবে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সারের কৃত্রিম সংকট তৈরি নিয়ে যে, এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, তার আভাস পাওয়া যাচ্ছে। এর পেছনে সিন্ডিকেটের পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয়। সরকারকে বেকায়দায় ফেলতে ঘোলা পানিতে মাছ শিকারের মতো পরিস্থিতি তৈরির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এ ব্যাপারে সরকারের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। মনে রাখা দরকার, ষড়যন্ত্রকারিরা সবসময়ই স্পর্শকাতর খাতকে বেছে নেয়। সে খাতকে অস্থিতিশীল করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। কৃষিখাত একটি স্পর্শকাতর খাত। জীবন ও জীবিকার সাথে এ খাত জড়িত। কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে কৃষকদের উসকে দেয়ার অর্থ হচ্ছে সরকারের ব্যর্থতা প্রমাণ করা। ইতোমধ্যে সার সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের উসকে দেয়ার মতো আলামত পরিলক্ষিত হয়েছে। ফলে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃষকরা কেন সময়মতো সার পাচ্ছে না, এ ব্যাপারে সরকারকে দৃষ্টি দিতে হবে। সার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের প্রশাসনকে সক্রিয় হতে হবে। কৃত্রিম সার সংকট সৃষ্টিতে সিন্ডিকেট বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট