উর্বশীর পরিচয় ব্যবহার করে ব্যবসা, এবার এআই সংস্থার বিরুদ্ধে মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তারকাদের ছবি, ভিডিও কিংবা পরিচয় ব্যবহারের বিষয়টি নিয়ে এবার আইনি পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী ও তাঁর দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রাথমিকভাবে প্রায় ৭ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

উর্বশীর দলের অভিযোগ, অভিনেত্রীর অনুমতি ছাড়াই তাঁর নাম, ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। এসব উপকরণকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি ডলার পর্যন্ত পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। তবে বিবৃতিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। বিবৃতিতে এ ধরনের ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের সময়ে তারকাদের পরিচয়, ছবি ও পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে তার অধিকার কার—সে প্রশ্নও সামনে এসেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যক্তির পরিচয় ও চেহারা ব্যবহারের অধিকার নিয়ে নতুন ধরনের আইনি জটিলতা তৈরি হচ্ছে। উর্বশীর এই পদক্ষেপ সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। সম্প্রতি ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় মৌসুমে দেখা গেছে উর্বশীকে। এর আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট