রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর (আরএমপি) বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া ও মতিহার থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

নগর পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান চালিয়ে কয়েরদ্বারা মিতালী ক্লাবমোড় গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তানভীর হাসানকে (৩০) ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণহার থানা পুলিশ দারুশা বাজার এলাকায় চেকপোস্ট অভিযান চালায়। এ অভিযানে শাহমখদুম থানার বড়বাড়ীয়া উত্তরপাড়া গ্রামের আলাল উদ্দীনের ছেলে নাঈম হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বিকেল ৫টার দিকে রাজপাড়া থানা পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান চালিয়ে তানোর থানার বাকশপুর গ্রামের ইনসান আলীর ছেলে এবং বর্তমানে মহিষবাথান এলাকায় বসবাসকারী নবাব আলীকে (৩০) পাঁচটি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। মতিহার থানা পুলিশ রাত পৌনে ৩টার দিকে চরশ্যামপুর মিজানের মোড় এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩২) ও আলমগীর ইসলামকে (৩২) চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ হাজার ৯২০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আলমগীর দীর্ঘদিন যাবত বাদশার সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

পবা থানা পুলিশ একই তারিখ দুপুর সোয়া ৩টার দিকে বড়গাছি বাজারের পুরাতন বিএডিসি গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনমনের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণের দায়ে বড়গাছি (কুঠিপাড়া) গ্রামের তাহাসিন আলীর ছেলে হামিদুর রহমান ওরফে ইরাককে (২৪) গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত ২৫০ মি.লি. চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট