নিষিদ্ধ রোহিত, বয়স চুরি করে বিশ্বকাপ জিতেছেন আরেক ভারতীয় ক্রিকেটার

গত জুলাইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে খেলে এসেছিলেন লেগস্পিনার রোহিত যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন যুব সিরিজের দলেও ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। বয়স লুকানোর তথ্য ফাঁস হয়ে যাওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই উদীয়মান ক্রিকেটারকে। কেবল রোহিতই নন, বয়স জালিয়াতির কালো দাগ লেগেছে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারের গায়েও! ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) নতুন মৌসুমের আগে খেলোয়াড়দের নথিপত্র যাচাই-বাছাই করতে গিয়েই এই থলের বিড়াল বের হয়ে আসে। রোহিতের দেওয়া কাগজপত্রের সঙ্গে তার প্রকৃত বয়সের ব্যবধান পাওয়া গেছে প্রায় ২৭ মাস! জালিয়াতি ধরা পড়ার পরপরই তাকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ সিরিজের দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। আগামী দুই বছর সিএবিসহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো ম্যাচেই আর মাঠ নামতে পারবেন না এই লেগস্পিনার।

তবে এখানেই শেষ নয়। সিএবির এই নথিভিত্তিক অভিযানে মোট ৬৪ জন ক্রিকেটারের বয়সে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। সেই তালিকায় নাম রয়েছে ২০২২ সালে ভারতের যুব বিশ্বকাপজয়ী দলের তারকা পেসার রবি কুমারেরও! ফাইনাল ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে যিনি ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছিলেন, সেই বাঁহাতি পেসারের বয়সে পার্থক্য পাওয়া গেছে অবিশ্বাস্য ৪০ মাস! ফলে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার জমাদানকারী সমস্ত বয়সভিত্তিক নথি বাতিল বলে ঘোষণা করেছে সিএবি।

উল্লেখ্য, ক্রিকেট ভারত জুড়ে বয়স জালিয়াতি রুখতে ২০২০ সালে বিসিসিআই এক বিশেষ ‘ক্ষমা পরিকল্পনা’ (অ্যামনেস্টি স্কিম) চালু করেছিল, যেখানে স্বেচ্ছায় সঠিক বয়স স্বীকার করলে শাস্তি মওকুফের সুযোগ ছিল। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে জন্মনিবন্ধন, স্কুলের সনদসহ নানা নথিপত্র জমা নেওয়া সত্ত্বেও কেবল একটি রাজ্য সংস্থাতেই ৬৪ জন ক্রিকেটারের বয়স জালিয়াতির ঘটনায় বেশ শোরগোল পড়ে গেছে ভারতীয় ক্রিকেট পাড়ায়। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট