১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন করে গেছে, দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে। গতকাল বুধবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেছেন। ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতুর জন্য ভোলার প্রত্যেক মানুষ আন্দোলন করেছে। সেটার জন্য আমরা সবাই কাজ করেছি। সরকার সেটিও দেখছে। সরকার তার নিজস্ব অবস্থান থেকে বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট সময় কম লাগে। সেটিও সরকার বিবেচনা করছে। মন্ত্রী বলেন, ভোলায় মেডিকেল কলেজের জন্য ১২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধের জন্য ৭০০ কোটি টাকা, সদর উপজেলার অভ্যন্তরীণ রাস্তা মরামতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভোলার উন্নয়নের ব্যাপারে দলমত নির্বিশেষে সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, আমার দলে কোনো চোর নেই, সন্ত্রাসী নেই, টেন্ডারবাজ-চাঁদাবাজ নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব করে, মনে রাখবেন তারা আমার দলের কেউ না।
পার্থ বলেন, নির্বাচনের সময় আমাকে অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দেননি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন যেন আমি সবার জন্য কাজ করতে পারি। ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় এসেছেন। তাকে একনজর দেখার জন্য পথে পথে মানুষের ঢল নামে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
