কৃষি ঋণে সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক, সর্বোচ্চ ৭%
কৃষি ঋণে সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের কৃষি উৎপাদন বাড়াতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করতে গঠিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণের সুদহার ১ শতাংশ কমানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় কৃষক বা গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ (সরল সুদে) সুদে ঋণ দেওয়া যাবে, যা আগে ছিল ৮ শতাংশ।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গত ৮ জুন ২ জারি করা ‘এসিডি সার্কুলার নং-০১’ এর বেশ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন এনে নতুন নিয়ম প্রতিস্থাপন করা হলো। আগের সার্কুলার অনুযায়ী, কৃষক পর্যায়ে ঋণের সুদের হার ছিল ৮ শতাংশ এবং বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পেত।নতুন সার্কুলারে ১ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭ ও ৩ শতাংশ করা হলো। সুদ ও মুনাফার হার:নতুন নীতিমালায় বলা হয়েছে, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর ব্যাংকগুলো গ্রাহক বা কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সরল সুদে ঋণ বিতরণ করতে পারবে। ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও গ্রাহক পর্যায়ে আদায় করা মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না। এছাড়া, প্রযোজ্য ক্ষেত্রে গ্রাহকের ঋণের হ্রাসমান স্থিতির ওপর সুদ বা মুনাফা আরোপ করতে হবে। ঋণের মেয়াদ ও পরিশোধ পদ্ধতি:সার্কুলার অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ১৮ (আঠারো) মাসের মধ্যে আসল এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ৩ শতাংশ হারের সুদ বা মুনাফাসহ পুরো অর্থ পরিশোধ করবে।অনিয়মে কড়া শাস্তি:স্কিমের আওতায় প্রদত্ত অর্থের অপব্যবহার হলে কিংবা গ্রাহক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হলে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নেবে। অপব্যবহৃত অর্থ বা অতিরিক্ত আদায়কৃত অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত আরও ২ শতাংশ হারে সুদ/মুনাফা ধার্য করে তা এককালীন আদায় করা হবে।ব্যাপক প্রচারের নির্দেশ:কৃষকরা যাতে সহজে এ সুবিধা সম্পর্কে জানতে পারেন, সেজন্য প্রতিটি ব্যাংক শাখার ভেতরে এবং বাইরে সহজে চোখে পড়ে এমন স্থানে ৭ শতাংশ (%) সুদে ঋণ বিতরণের তথ্য উল্লেখ করে ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগের সার্কুলারের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। সূত্র: বাংলা নিউজ
