সরকারের লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য আছে সরকারের। হয়ত কিছুটা উচ্চাভিলাষী। কিন্তু দীর্ঘামেয়াদে আমাদের উচ্চাভিলাষী হতেই হবে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদেশি বিনিয়োগে হতে যাওয়া বন্দরের প্রথম টার্মিনাল এটি। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামবাসীর হৃদয় হল বন্দর। এখানে সকল অর্থনৈতিক কর্মকান্ড বন্দর ঘিরেই হয়। আমাদের আছে একটি নির্বাচিত সরকার।
তিনি বলেন, অর্থনীতি পরিচালিত হয় বেসরকারি খাতের মাধ্যমে। সরকারের কাজ তাদের সহযোগিতা করা। আমাদের লক্ষ্য অর্জন করতে হলে সবচেয়ে ভালো ব্যবসা নীতি, বিনিয়োগ নীতি ও লজিস্টিক সাপোর্ট থাকতে হবে। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাবে পরিণত করা আমাদের লক্ষ্য। শুধু বাংলাদেশের জন্য নয়, এই অঞ্চলের জন্য।তাই চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে পুরোদমে কাজে লাগাতে হবে।
অর্থমন্ত্রী বলেন, আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ হবে। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিশ্বের জন্য আমরা দ্বার উন্মুক্ত করতে চাই। শুধু লজিস্টিক হাব হিসেবে নয়, সবরকম বিনিয়োগের জন্য। এটার সাথে আরো কয়টি পোর্ট করতে যাচ্ছি। চট্টগ্রামে আরো কয়টি ইকোনমিক জোন হবে। চট্টগ্রামের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে। বাণিজ্যিক রাজধানী কেউ করে না, বাণিজ্যিক রাজধানী হয়। এসমস্ত কাজের মাধ্যমে যখন অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে সেটাই হবে বাণিজ্যিক রাজধানী।”
চট্টগ্রামের যে সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতিতে আজকের এই পদক্ষেপের মাধ্যমে তা আরেক ধাপ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। সূত্র: ইনকিলাব
