শিয়াল ঠেকাতে পাতা বিদ্যুতের ফাঁদেই প্রাণ গেল খামারির
লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুরে শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষায় জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারির মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় পদ্মার চরের একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম (৩০) উপজেলার মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজস্ব মুরগির খামার পরিচালনা করছিলেন। সম্প্রতি খামারে শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি খামারের চারপাশে জিআই তারের বেড়া তৈরি করে তাতে বৈদ্যুতিক সংযোগ দেন। রোববার সকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তিনি একা খামারে কাজ করতে যান।ধারণা করা হচ্ছে, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎসংযুক্ত জিআই তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই খামারের ভেতরে লুটিয়ে পড়েন।পরে তার মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
