দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ক্রীড়া কার্যক্রমের তথ্য নিয়মিত পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে মাউশি। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, স্কুল পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পাঠাতে হবে। আগের মাসের কার্যক্রমের তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত হয় এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়। চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুলে ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। সূত্র: কালবেলা
