দুদকে দুই সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ পুঠিয়া পৌর ভবন নির্মাণের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া পৌরসভা ভবন নির্মাণের সরকারি বরাদ্দের অর্থ থেকে ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৌরসভার দুই সাবেক মেয়রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছে পৌর প্রশাসন।
পৌরসভা সূত্র জানায়, ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ পাওয়া ৭৪ লাখ টাকা জনতা ব্যাংকের একটি বিশেষ হিসাবে সংরক্ষিত ছিল। অভিযোগ অনুযায়ী, সাবেক মেয়র রবিউল ইসলাম ও আল মামুন খান ওই হিসাব থেকে অর্থ উত্তোলন করে আংশিক ফেরত দিলেও প্রত্যেকে ২৯ লাখ টাকা করে মোট ৫৮ লাখ টাকা তহবিলে জমা দেননি।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, অডিট ও হিসাব পর্যালোচনায় অনিয়মের বিষয়টি ধরা পড়ায় প্রয়োজনীয় নথিপত্রসহ দুদকে অভিযোগ পাঠানো হয়েছে।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযোগটি প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাবেক মেয়র আল মামুন খান অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। অপর সাবেক মেয়র রবিউল ইসলাম রবির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
