নওগাঁয় ভুয়া সনদে শিক্ষকতা: অপসারনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির কর্মসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল কাদেরের অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে ওই শিক্ষককে অপসারণের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিক্ষা অফিসের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সাবেক শিক্ষার্থী ও অবিভাকরা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান।
৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. তৌফিকুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ঐ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক রফিকুল ইসলাম, ইসরাফিল হে সেন তুষার, রানা হামিদ, সেকেন্দার আলী। দুলাল হোসেন মন্ডল, জনি মন্ডল, আনোয়ার হোসেনসহ ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা।
এসময় বক্তারা বলেন, আব্দুল কাদের দীর্ঘ ৪১বছর যাবৎ সনদ জালিয়াতি করে শিক্ষকতার পাশাপাশি কাজির কাজ করার কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং বাল্য বিবাহর সঙ্গে জড়িত রয়েছেন। ফলে প্রতিষ্টানের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। পরে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী আরমান আনছারী।
