চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটির টাকার পোশাক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে মার্কেটের ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পারেন। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মাহবুবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে রাজশাহী স্টোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে মূল দোকানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতির মুখে পড়েছে। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
এদিকে ক্ষতিগ্রস্ত রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক আগুনে পুড়ে গেছে। এছাড়া দোকানের মূল্যবান সরঞ্জাম, আসবাবপত্র ও নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি হতে পারে।
