মাদক অস্ত্রের টাকা লেনদেন ক্রিপ্টো ও ডার্ক ওয়েবে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত সিন্ডিকেট
মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং ভারতের উন্মুক্ত সীমান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় গড়ে উঠেছে ভয়াবহ মাদক ও অস্ত্র ব্যবসার সিন্ডিকেট। টেকনাফের নাফ নদ থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দুর্গম পাহাড়ি সীমান্ত এখন আর কেবল ইয়াবা, আইস বা স্বর্ণ চোরাচালানের রুট নয়- আন্তর্জাতিক অপরাধ চক্রের সহায়তায় এই পথগুলো দিয়ে দেশে ঢুকছে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র। আর এই পুরো নেটওয়ার্কের অর্থায়ন ও লেনদেন সম্পন্ন হচ্ছে আধুনিক প্রযুক্তির ক্রিপ্টো-কারেন্সি ও ডার্ক ওয়েবের মাধ্যমে। স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় এই চোরাচালান নেটওয়ার্ক এখন দেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এবং একাধিক গোয়েন্দা সংস্থার মাঠপর্যায়ের গোপন প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণ করে এই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সম্প্রতি কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপে গিয়ে কয়েকজন মাঝির সাথে কথা হলে তারা জানান, মিয়ানমারের সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে পাঁচ থেকে সাত মাস আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য বন্দী রাখার ঘটনার বেশির ভাগই আসলে নাটক। আরাকানদের সাথে অনেক মাঝির বাণিজ্যিকভাবে সম্পর্ক রয়েছে। যেসব মাঝি অপহরণের শিকার হন তারা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সাথেই কাজ করেন। মাদক আনানেয়া থেকে শুরু করে অর্থ আদান-প্রদান করা হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এরপর সেই টাকা ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রিপ্টো-কারেন্সি ও ডার্ক ওয়েবের মাধ্যমে চলে যায় গন্তব্যে। এর সাথে জড়িত টেকনাফ ও কক্সবাজারের কয়েকজন মাফিয়া।
সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা ‘বাইশফারি’ এবং বালুখালী কাস্টমস ঘাট এলাকায় বিজিবি (১১ বিজিবি ও ৩৪ বিজিবি) এই রুটে বিশেষ অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেল, যুগোস্লাভিয়ার তৈরি ৯ এমএম টিটি পিস্তল, বিপুল রাউন্ড গোলাবারুদ ও সামরিক সরঞ্জামসহ আরাকান আর্মির সক্রিয় সদস্য ও স্থানীয় পাচারকারীদের হাতেনাতে গ্রেফতার করেছে।
নাফ নদ ও নাইক্ষ্যংছড়ি, অপরাধের মূল প্রবেশদ্বার : গোয়েন্দা তথ্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির চলমান সঙ্ঘাতের সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক চোরাচালানিরা। নাফ নদের অববাহিকা এবং নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে রাতারাতি বদলে যাচ্ছে চোরাচালানের ধরন। আগে যেখানে কেবল মিয়ানমার থেকে ইয়াবা আসত, এখন সেখানে আসছে ‘ক্রিস্টাল মেথ’ বা আইস এবং অত্যাধুনিক অস্ত্র।
বিজিবির গোয়েন্দা সূত্র জানায়, দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে গত এক বছরে বিপুল পরিমাণ বিদেশী পিস্তল, সাব-মেশিনগান এবং গ্রেনেড উদ্ধারের ঘটনা ঘটেছে। এই অস্ত্রগুলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে চোরাকারবারিরা সংগ্রহ করছে। এগুলো দেশের ভেতরে উগ্রবাদী গোষ্ঠী ও পাহাড়ি সশস্ত্র দলগুলোর কাছে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) রোকন উদ্দিন নয়া দিগন্তকে বলেন, সীমান্ত চোরাচালানের পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালানির পর সেই অর্থ ক্রিপ্টো-কারেন্সির মাধ্যমে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। এটি কেবল চোরাচালান নয়, এটি একটি হাইব্রিড থ্রেট। ক্রিপ্টো-কারেন্সির মাধ্যমে অস্ত্র কেনাবেচা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে দুর্বল করে দেয়। মিয়ানমারের বর্তমান অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো রাষ্ট্র বা গোষ্ঠী বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে। এই ডার্ক-নেটওয়ার্ক ভাঙতে হলে প্রথাগত সীমান্ত পাহারার পাশাপাশি ‘সাইবার ইন্টেলিজেন্স’ বা সাইবার গোয়েন্দা ইউনিটকে সীমান্তে সক্রিয় করতে হবে। সূত্র: নয়া দিগন্ত
