বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মডেল থানার সামনে নতুন ব্রীজ রোডে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে।নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিমুদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামসুন্নাহার বদলগাছী থানার সামনে রাস্তায় মোটরসাইকেলে করে মহাদেবপুর যাচ্ছিলেন, এ সময় একটি দ্রুতগামী ট্রাক অপরদিক থেকে আসাতে ট্রাক এবং মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শামসুন্নাহার।
পথচারীদের অভিযোগ, বদলগাছী থানার সামনের এই সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। গুরুত্বপূর্ণ এই স্থানে কোনো গতিরোধক (স্পিড ব্রেকার) বা জেব্রা ক্রসিং না থাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পথচারীদের।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের নাকের ডগায় কোনো গতিরোধক বা জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা হচ্ছে না। আমরা অবিলম্বে এই স্থানে গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি, যেন আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরে না যায়।”ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক যানটি আটকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
