গুমের নাটক ও ধর্ষণ ইস্যুতে শিবিরের বিরুদ্ধে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানো’, সরকারকে ঘিরে ‘মিথ্যা প্রচারণা’ চালানো এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। মিছিলে হল শাখাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে ‘ধর্ষকের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘বাহ শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘হই হই রই রই, ধর্ষকরা গেলি কই’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিবির পরিকল্পিতভাবে ‘গুমের নাটক’ সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একইসঙ্গে সাম্প্রতিক আলোচিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও লাল-সবুজের পতাকার আদর্শকে কখনো মেনে নিতে পারেনি, তারাই আজ নতুন মুখোশ পরে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের প্রকৃত চরিত্র জনগণের সামনে উন্মোচিত হয়েছে।”
সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, “একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপতৎপরতা বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি আলোচিত ধর্ষণ মামলার আসামি জিসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু বলেন, “যে সংগঠন একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের নামের সঙ্গে আজ ধর্ষণ, হত্যা ও ভ্রূণহত্যার মতো গুরুতর অভিযোগ যুক্ত হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ‘মিথ্যা তথ্য ও অপপ্রচার’ ছড়ানোর অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
