সিংড়ায় চলতি বছরে অর্ধশতাধিক সেচযন্ত্র ও ট্রান্সফরমার চুরি, আতঙ্কে কৃষকরা
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় চলতি বছরে অর্ধশতাধিক সেচযন্ত্র ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরিতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি ঠেকাতে অনেক এলাকায় কৃষকরা নিজ উদ্যোগে রাতের পাহারার ব্যবস্থা করলেও পাহারাবিহীন এলাকাগুলোতে চুরির ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবার রাতে উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল মাঠ থেকে চারজন কৃষকের সেচ প্রকল্পের চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন— ইউনুস আলী (৫৫), মোহাম্মদ আলী (৬০), শাহজাহান আলী (৬৫) এবং আব্দুস সালাম বেগ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে কৃষক ইউনুস আলী জমিতে গিয়ে ট্রান্সফরমারের অংশবিশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে অন্য কৃষকদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আরও তিনটি সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার উত্তর দমদমা, কয়ড়াবাড়ি, বুড়িকদমা, বিজয়নগর, ইন্দ্রাসনসহ বিভিন্ন এলাকায় চলতি বছরে একের পর এক সেচযন্ত্র ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকদের অভিযোগ, চোরচক্র সক্রিয় থাকলেও এখন পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধারে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে তারা নিজেরাই গ্রামে গ্রামে রাতের পাহারার ব্যবস্থা করছেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, চলনবিল অঞ্চলে চলতি বছরে প্রায় অর্ধশতাধিক ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পাওয়া যায়নি।
