রাজশাহী-রংপুর অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে গাল গাইডস’র সম্মেলন

স্টাফ রিপোর্টার

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ এবং মেয়ে শিশুদের নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে রাজশাহীতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় শনিবার (৬ জুন) সকাল ১০টায় নগরীর নানকিং চাইনিজ রেস্টুরেন্টের দরবার হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী ও রংপুর অঞ্চলের হলদে পাখি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রাথমিক শিক্ষার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্কার্ফ পরিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন বাংলা দেশ গার্ল গাইডস এসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান এবং রাজশাহী বিভাগের উপ-পরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস। প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।

সম্মেলনের মূখ্য আলোচক ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান পিপিএম বার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন এবং হলদে পাখি কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনা পর্বে সভাপতিত্ব ও সেশন পরিচালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগম। এ সময় রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজ্ঞ পাখি (শিক্ষক) এবং শিক্ষা কর্মকর্তারা অংশ নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। সম্মেলনে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, গার্ল গাইডসের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ প্রায় ২৩০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলদে পাখি কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট