তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের প্রথম ঢাকা সফর: যা থাকছে এজেন্ডায়
কূটনৈতিক সূত্র অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আমন্ত্রণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বাংলাদেশে দুই দিনের এক সরকারি সফরে আসছেন। সূত্রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শুক্রবার ও শনিবারের এই সফরটি হবে বাংলাদেশে ফিদানের প্রথম সফর। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে পালিয়ে এসে বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পগুলোও ফিদানের পরিদর্শনের কথা রয়েছে। সেখানে তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা), দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ), তুর্কি রেড ক্রিসেন্ট, তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মানবিক সহায়তা প্রকল্পগুলো পরিদর্শন করবেন।
পাশাপাশি ক্যাম্পে কর্মরত তুর্কি ফিল্ড হাসপাতালও তার পরিদর্শন করার কথা রয়েছে।বৈঠক চলাকালীন ফিদান, খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাবেন বলে আশা করা হচ্ছে।
আলোচনায় থাকবে বিভিন্ন বিষয় টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের ওপর জোর দেবেন এবং গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া বাংলাদেশের নতুন সরকারের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের এই গতিশীলতা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফিদান বাণিজ্য, প্রতিরক্ষা শিল্প, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করবেন। একই সাথে ২০২৫ সালের ১.৩৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার যৌথ লক্ষ্যের বিষয়টি পুনর্ব্যক্ত করবেন।
রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক এজেন্ডার অন্যতম শীর্ষ তালিকায় রাখতে তুরস্কের দৃঢ় প্রত্যয় এবং সংকটের শুরু থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান, খাদ্য ও অবকাঠামোসহ আঙ্কারার ব্যাপক মানবিক সহায়তার বিষয়টি তিনি আবারও তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।ফিদান জোর দিয়ে বলবেন যে, আগামী দিনগুলোতেও তুরস্ক তাদের এই সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। সূত্র: ইনকিলাব
