ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা: প্রতিবেশী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রমাণিক (৬০) নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বাড়ির আঙিনায় খেলা করছিল ওই শিশুটি। এ সময় প্রতিবেশী রাহাত প্রমাণিক তাকে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং শ্লীলতাহানি করেন। এক পর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে মা ও আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রাহাত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।ভুক্তভোগী শিশুর বাবা জানান, ঘটনার পর পরই শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।তিনি আরও বলেন,”আমরা যখন থানায় মামলা করতে যাচ্ছিলাম, তখন অভিযুক্ত রাহাতের মেয়েজামাই জামায়াতের রুকন তুষার হোসেন আমাদের নানা ভাবে বাধা সৃষ্টি করেন এবং ভয়ভীতি দেখান। বর্তমানে আমরা ও আমাদের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি। ভুক্তভোগী পরিবারটি এখন তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তিসহ নিজেদের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বক্তব্য শুনে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিবারের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: জাগোনিউজ
