লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যাকাণ্ডের ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সবশেষ প্রায় দুই সপ্তাহ আগে দেখা গিয়েছিল। এক সপ্তাহ পর লিমনের মরদেহ পাওয়া যায়। বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের।
এই হত্যার ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। শুনানির জন্য স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে তোলার কথা ছিল। হত্যার অভিযোগ থাকাকালে আবুঘরবেহকে কারাবন্দী রাখতে আদালতের কাছে গত সপ্তাহে আবেদন করেছিলেন আইনজীবীরা।
এ ছাড়া ওই আবেদনে একটি বিস্তারিত সময়রেখাও তুলে ধরা হয়েছে। সেখানে তদন্তকারীদের ধারণা অনুযায়ী কীভাবে লিমন ও বৃষ্টিকে হত্যা করা হয়ে থাকতে পারে, তার বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সময় তাঁদের ও সন্দেহভাজন আসামির কর্মকাণ্ডের বিবরণও তুলে ধরা হয়েছে।
গত শনিবার হিলসবরো কাউন্টি আদালতে আবেদনটি করেছিলেন সরকারি আইনজীবীরা। এতে বলা হয়েছে, ১৬ এপ্রিলেও বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ ছিল লিমন ও বৃষ্টির। দুই শিক্ষার্থী নিজেদের মধ্যেও অল্প সময়ের জন্য ফোনালাপ করেছিলেন। তবে এর পরে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি।
আদালতে করা আবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে ১৬ এপ্রিল দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ক্যাম্পাসে হাঁটাচলা করতে দেখা যায়। সেদিন সন্ধ্যায় তাঁর চশমা নেওয়ার জন্য এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। তবে বৃষ্টি যাননি। এমনকি ওই বন্ধু তাঁকে ফোন করলেও তিনি তা ধরেননি।
লিমনের মুঠোফোনের অবস্থান অনুযায়ী, সেদিন সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটের দিকে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার এলাকায় গিয়েছিলেন তিনি। এর আগে তাঁর আবাসস্থল ও ক্যাম্পাসের কাছাকাছি তাঁর মুঠোফোনের অবস্থান দেখা যায়। লিমনের বসবাসের স্থান থেকে ক্লিয়ারওয়াটারের দূরত্ব মোটামুটি ৩২ মাইল।
আইনজীবীরা বলেছেন, লিমনের মুঠোফোনের অবস্থান ক্লিয়ারওয়াটারে দেখানোর ১০ মিনিটের মধ্যে ওই এলাকায় যেতে দেখা যায় আবুঘরবেহের সাদা রঙের হুন্দাই জেনেসিস জি-৮০ মডেলের গাড়িটিকে। মুঠোফোন ও গাড়ি চলাচলের তথ্য অনুযায়ী, সে রাতে আবুঘরবেহ ও লিমনের মুঠোফোনের অবস্থানের মধ্যে মিল ছিল।
লিমন ও আবুঘরবেহের অন্য একজন রুমমেট দেখতে পান আবুঘরবেহ একটি চাকাওয়ালা ট্রলি ব্যবহার করে তাঁর ঘর থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ময়লা ফেলার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন।
রাত সাড়ে ১০টার দিকে সিভিএস নামে ওষুধ ও খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে আবুঘরবেহের মুঠোফোন থেকে আবর্জনা রাখার ব্যাগ, ঘর পরিষ্কার করার লাইজল, দুর্গন্ধনাশক ফেব্রিজ ও অন্য কিছু পণ্যের অর্ডার করা হয়। প্রায় আধা ঘণ্টা পর তাঁদের অ্যাপার্টমেন্টের দরজায় পণ্যগুলো পৌঁছে দেয় সরবরাহ সেবা প্রতিষ্ঠান ডোরড্যাশ।
আদালতে করা আবেদন অনুযায়ী, লিমন ও আবুঘরবেহের অন্য একজন রুমমেট দেখতে পান, আবুঘরবেহ একটি চাকাওয়ালা ট্রলি ব্যবহার করে তাঁর ঘর থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ময়লা ফেলার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন।
