|

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান শুরু

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় একযোগে টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।রাজশাহী ভ্রমণ

রাসিক সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময়ের মধ্যে মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। নির্ধারিত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় আসবে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র, কমিউনিটিতে ২৪০টি এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুইজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য টিকা নিশ্চিত করুন। কোনো শিশুর মধ্যে হাম-রুবেলার উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।”

তিনি আরও জানান, হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রায় ৭০ হাজার লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। নাগরিকদের যেকোনো প্রয়োজনে রাসিক পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *