শেয়ারবাজারে বিমার দরপতনে সূচক কমলো, লেনদেনেও ভাটা

শেয়ারবাজারে বিমার দরপতনে সূচক কমলো, লেনদেনেও ভাটা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যকের দামে পতন হয়েছে। এদিন বিমা খাতের প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, যা সার্বিকভাবে বাজারে পতনের ভূমিকা রেখেছে। কমেছে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও। একইসঙ্গে দিনের ব্যবধানে টাকার অঙ্কে লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুর দিকে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। কিন্তু প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই বাজারের চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক বিমা কোম্পানির শেয়ার দাম কমার তালিকায় নাম লেখায়। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। ফলে বিমা খাতের ঢালাও দরপতনের সঙ্গে দাম কমার তালিকা বড় হয়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২১৩টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বিমাখাতের ৬টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৫০টির দাম কমেছে এবং দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

সার্বিকভাবে বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৫৭ পয়েন্টে নেমে গেছে।

মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪ কোটি টাকা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *