চাঁপাইনবাবগঞ্জে শুকরের আক্রমণে আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে শুকরের আক্রমণে আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনাদপুর ইউনিয়নের কামাত গ্রামে বৃহস্পতিবার বন্য শুকরের আক্রমণে চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন (চুরিওয়ালা) বিনাদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি আমবাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বন্য শুকর তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন। এদিন একই এলাকার আমবাগানে কাজ করার সময় আরও তিনজন বন্য শুকরের আক্রমণের শিকার হন। আহতরা হলেন- কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। তারা বাগানে স্প্রে করার সময় আক্রমণে আহত হন।

স্থানীয়রা জানান, বন্য শুকরের দেহ বিড়ালজাতীয় বৈশিষ্ট্যের মতো ছিল এবং এটি অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করছিল। গ্রামবাসী ধাওয়া দিলে সেটি দ্রুত পালিয়ে যায় এবং পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরাও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বন্য প্রাণীটির অবস্থান শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *