জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে : ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে এবং এ জন্য রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল রোববার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিল মাছ চাষের উপযোগী করে গড়ে তোলা হবে। স্থানীয় চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ জন্য আমরা সবসময় চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করে থাকি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মৎস্য খাতকে আরও আধুনিক ও স্বনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে এবং কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে। রাজশাহীর চাষিরাও মাছ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বে মিঠা পানির গুরুত্ব আরও বাড়বে। বাংলাদেশের মিঠা পানির বড় মজুত রয়েছে, যা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।

ভূমিমন্ত্রী বলেন, আগামী দিনে কয়েকটি খাতের মধ্যে মৎস্য খাতেও বাংলাদেশ বিশ্বে সবচেয়ে এগিয়ে যাবে। তাই এখন থেকেই দেশের তরুণ প্রজন্মকে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে এ অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে। মাছের গুণগত মান ও নিরাপদ খাদ্যের ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, মাছের খাদ্যের (ফিড) মান বজায় রাখতে হবে। অসাধু উপায়ে তৈরি বা বিদেশ থেকে আমদানিকৃত নিম্নমানের এবং অস্বাস্থ্যকর উপাদানে তৈরি ফিশ ফিড ব্যবহার থেকে মৎস্য চাষিদের বিরত থাকতে হবে। বিশেষ করে চিংড়ি মাছের মতো মূল্যবান সম্পদ যেন বিদেশের বাজারে ভাবমূর্তি না হারায়, সেদিকে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। রাজশাহীতে দ্রুত একটি অত্যাধুনিক মৎস্য টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। এর আগে মন্ত্রী রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, এবার ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন করা হচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, রাজশাহী মহানগর ছাড়াও জেলা বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলায় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট