নগরীতে পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ইয়াবাসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও শাহমখদুম থানা পুলিশ এবং বিশেষ মাদকবিরোধী টিম এ অভিযান চালায়। অভিযানে ৬৩ পিস ট্যাপেন্টাডল ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৩০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নগর পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর আইডি বাগানপাড়া মোড়ে অভিযান চালিয়ে তানজিম রায়হান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ডিঙ্গাডোবা, লক্ষীপুর পাঠারমোড় কাঠমিল এলাকার মৃত সাজ্জাত আলী রমজানের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরদিন ৮ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে বসুয়া বটতলা গ্রামের মুনসুর আলীর ছেলে শাকিব আহমেদের (২৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ৯টার দিকে কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমানের ছেলে শাহরিয়ার রহমান আকাশকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বেলা ১১টার দিকে শাহমখদুম থানা পুলিশ মধ্য নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত রবিউল ইসলামের ছেলে রাতুল ইসলামকে (২৯) ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। রাত ২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোডে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে অভিযান চালিয়ে রবিউল ইসলাম বাবুর ছেলে বিপ্লবকে (২৯) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট