সম্পাদকীয়

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে

২০৩৪ মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিকি এফডিআই সম্মেলন-২০২৬ এ এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, দ্রুত বিরোধ নি®পত্তি, কর-ভ্যাট প্রশাসন সহজীকরণ ও মুনাফা দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার। পাশাপাশি পুঁজিবাজার শক্তিশালী করা, স্টার্টআপে উৎসাহ দেওয়া, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতে বিশেষ প্রণোদনা দেয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন অঙ্গীকার স্বপ্নের মতো মনে হলেও আমরা আশাবাদী। পাশাপাশি আমাদের এটাও স্মরণে রাখতে হবে, এই স্বপ্নের অর্থনীতির সোপানে উঠতে যে ধরনের পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন দরকার, তা করতে না পারলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো আমাদের দেশের জন্য অনেক বড় বিষয়। এটা অসম্ভব কিছু নয়। এর জন্য প্রয়োজন অর্থনীতির সবখাতকে গতিশীল করা। ব্যবসা-বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি করা। নতুন নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠা করা এবং উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করা। দেশি-বিদেশি বিনিয়োগকারিদের বিনিয়োগের আহ্বানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদের বিনিয়োগ সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ্য একটি নিয়মভিত্তিক, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত এবং বেসরকারি খাতের নেতৃত্বে পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। আমরা কেবল বিনিয়োগের আহ্বান জানাচ্ছি না, এই রূপকল্প বাস্তবায়নে বিশ্বস্ত অংশীদার হওয়ার আহ্বান জানাই। আমরা আশা করি, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছতে প্রধানমন্ত্রী যে সম্ভাবনা এবং পদক্ষেপের কথা বলেছেন, তা বাস্তবায়নে সরকারের সকল মন্ত্রণালয় ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করবে। যার যে দায়িত্ব, তা যথাযথভাবে পালন করলে ভঙুর অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে নিয়ে যাওয়া অসম্ভব কিছু নয়।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট