আন্দোলনে পুলিশের ভ্যান থামিয়ে ভাইরাল হওয়া কে এই মডেল?
ভারতের নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের ধারাবাহিকতায় মুম্বাইয়েও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। আর সেই আন্দোলনের মাঝেই পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ২৭ বছর বয়সী অভিনেত্রী ও মডেল রিয়া আহির। মুম্বাইয়ের শিবাজী পার্ক এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় হঠাৎই ভ্যানটির সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া। তিনি দাবি জানান, আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। মুহূর্তেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক রাতের মধ্যেই রিয়া পরিণত হন আলোচিত এক মুখে।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী সেই রাতের অভিজ্ঞতা স্মরণ করে রিয়া বলেন, ‘সে রাতে আমি একটানা জেগে ছিলাম। এক মুহূর্তের জন্যও ঘুমাইনি। ২৩শে জুলাই ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আমি জেগে ছিলাম। রিয়ার দাবি, পুলিশের কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটক করার কোনো বৈধ নির্দেশ ছিল না।
রিয়া আহির পেশায় অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও উদ্যোক্তা। বিনোদন অঙ্গনের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক নানা বিষয়ে সরব থাকার জন্যও তিনি পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা। অনলাইনে রিয়া আহির নামে পরিচিত হলেও তাঁর পারিবারিক নাম রিয়া যাদব। তিনি যাদব পরিবারের চার ভাইবোনের মধ্যে তৃতীয়। তার বাবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা। সূত্র: কালের কন্ঠ
