নওগাঁয় যুবক অপহরণ ও নির্যাতন করে ফাঁকা চেকে ও স্টাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগ

মান্দা প্রতিনিধি

‎নওগাঁ সদর উপজেলায় এক যুবককে অপহরণ করে নির্যাতন, ফাঁকা ব্যাংক চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং তার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত রোববার সদর উপজেলার আনন্দনগর পদ্মবিলা মোড় এলাকায় ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর উত্তরপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে  সোহেল রানা জানান, ঘটনার দিন ব্যক্তিগত কাজে আদালতে যাওয়ার পর তিনি আনন্দনগর এলাকায় অবস্থিত এম এস ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে যান। বিকেল ৪টার দিকে সেখানে অবস্থানকালে আলতাব হোসেন, আব্দুল খালেক, মো. খলিল, আরেকজন আলতাবসহ ১০–১৫ জন তাকে জোরপূর্বক তুলে নিয়ে নওগাঁর পাটালী মোড় এলাকার একটি রিকশা গ্যারেজে আটকে রাখেন।

‎তার অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি এবি ব্যাংক, নওগাঁ শাখার একটি ফাঁকা চেক এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ‎সোহেল রানার স্ত্রী সমাপ্তি জানান, আমার স্বামীকে জিম্মি করে নির্যাতনের একপর্যায়ে তাকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকা দেওয়ার পর সেদিন রাতেই তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়া চেক ও স্ট্যাম্প উদ্ধারের দাবি জানিয়েছেন।  এ ঘটনায় অভিযুক্ত আলতাব হোসেনের মোঠো ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি, তাই তারা মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, যেহেতু ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে, তাই ভুক্তভোগীদের আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট