গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ীর অন্যতম শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, শীর্ষ হেরোইন কারবারি কালামকে ধরতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও গোদাগাড়ী থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। আত্মগোপনে থাকা কালাম সম্প্রতি এলাকায় ফেরেন। এরপর স্ত্রী আরমিনা আক্তারকে নিয়ে থানায় যান। এমন একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুগেরও বেশি সময় ধরে হেরোইনের কারবার করে আসছেন আবুল কালাম আজাদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন এলাকার তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ছত্রছাঁয়ায়। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থের যোগান দিতেন বলেও অভিযোগ রয়েছে। মাদক কারবারি আবুল কালাম আজাদ এর আগে বিভিন্ন সময় হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি মাদকের মামলা হয়েছে। এরমধ্যে একটি মামলায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছিল। তবে বারবারই জামিন নিয়ে বের হয়ে এসে অবৈধ কারবারে জড়ান তিনি। মাদক ব্যবসা করেই প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার অবৈধ সম্পদের ব্যাপারেও অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট