বন্যার্তদের পুনর্বাসন শুরু সহায়তা চলবে: অর্থমন্ত্রী
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দুর্গত মানুষের জন্য চাল, রান্না করা খাবার, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, ‘ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে মেরামতকাজ শুরু করেছে। ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে পতেঙ্গা সফর শেষে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের আরও কয়েকটি বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার কথা রয়েছে। সূত্র: ইনকিলাব
