৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি: টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়নি। গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবারের বিদ্যুৎ ব্যবহার এই সীমার মধ্যেই থাকায় প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ যেন অতিরিক্ত আর্থিক চাপের মুখে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন, নিরাপদ পানির জন্য নলকূপ, নারীদের জন্য সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সমাজের নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে, যাতে প্রয়োজনীয় সরকারি সহায়তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের সব শিক্ষার্থীই পরীক্ষার নিয়ম মেনেই অংশ নেয় এবং উত্তীর্ণ হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেওয়া হয়নি—এটি কি আন্দোলনের মতো কোনো বিষয় হতে পারে?’ এ ধরনের ইস্যুকে আন্দোলনের কারণ হিসেবে দেখার যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য আগামী দিনে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। সৌরবিদ্যুতের ক্ষেত্রে জ্বালানি আমদানির প্রয়োজন হয় না। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি আমদানি-নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সূত্র: ইনকিলাব
