শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিনদফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘন্টাখানেক এ ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়াও বিকেল তিনটায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষবোর্ডের গেট ভাংচুর করার চেষ্টা করে। এক সময় তারা গেট খুলে বোর্ডের ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দেন। দুপুরের দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেন। পরে বোর্ড চেয়ারম্যানের অনুরোধে সেখান থেকে তারা সরে যায়।
এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও শেষে পরীক্ষার্থীরা ৩টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে মিছিল নিয়ে তারা জিরোপয়েন্টে গিয়ে সড়কের উভয় পাশ অবরোধ করলে সাহেববাজার-কুমারপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
