চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীর ছদ্মবেশে ডাকাত দলের আস্তানা, ৬ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে অবস্থান করছে। খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নুরে আলমের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে আটক করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বড় কাটার, একটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি ধারালো হাসুয়া, একটি লোহার তৈরি দুফলা অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।
