নগরীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিক্ষোভ মিছিল
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। গতকাল শনিবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কুমারপাড়া মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে দিয়ে ও সোনাদীঘির মোড় হয়ে বাটার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালে গণআন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ রচিত হয়েছিল। কিন্তু দেশ থেকে এক ফ্যাসিজমের বিদায় হলেও অবৈধ পন্থা অবলম্বন করে বিএনপি সরকার ক্ষমতায় এসে নতুনভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছে এবং স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।” দেশে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটতরাজ বেড়ে চলেছে অভিযোগ করে তারা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে; সুতরাং বিএনপির পতনের জন্য ১৭ দিনও সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা। রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বিক্ষােভ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরী সদস্য সচিব মোঃ আতিকুর রহমান। ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির প্রমুখ।
