বায়োপিক দিয়ে ফিরতে চান পপি

চিত্রনায়িকা পপি চলচ্চিত্রকে একপ্রকার বিদায় জানিয়েছেন। বিয়ে করে সংসার করছেন। চলচ্চিত্রে তার ফেরার সম্ভাবনা খুব কম, এমন ইঙ্গিত তিনি দিয়েছেন। সম্প্রতি পপি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, যদি আগামীতে কেউ আমাকে নিয়ে কোনো বায়োপিক নির্মিত হয়, তবে তাতে অভিনয় করব। এর বাইরে আর কখনো কোনো সিনেমা বা কোনো নাটক বা কোনো বিজ্ঞাপনে কাজ করব না। পপি বলেন, ইতোমধ্যে সিনেমায় ফেরার ব্যাপারে নানা মাধ্যমে প্রস্তাব পেয়েছি, আমাকে নিয়ে অনেকেই সিনেমা নির্মাণ করতে চান। কিন্তু আমি আপাতত আর সিনেমাতে অভিনয় করতে চাই না। আমি আমার স্বামী এবং একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চাই, সুখী একটা দাম্পত্য জীবনের মাঝেই জীবনটা পার করে দিতে চাই। তবে কেউ যদি পারফেক্টলি আমার জীবন নিয়ে কোনো বায়োপিক করতে চান, তবে অবশ্যই আমি তাতে অভিনয় করবো। আমার একদম জন্ম থেকে শুরু করে বেড়ে উঠা, আমার পড়াশোনা, আমার ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, আমার ব্যক্তিগত জীবন, আমার সংগ্রামী জীবন, আমার চলচ্চিত্র জীবন’সহ আরো নানান কিছু খুঁটিনাটি চমৎকার গল্পের মাধ্যমে আমার মনের মতো করে কেউ সিনেমা নির্মাণ করতে চাইলে, তাতে অভিনয় করবো। দেশে-বিদেশে আমার অনেক ভক্ত আছে। আমার প্রতি তাদের প্রত্যাশা রয়েছে, এটা আমি জানি। পপি বলেন, একটা সময় চলচ্চিত্রে মৌসুমী আপু-শাবনূরের ব্যাপক দাপট ছিলো, এমন দাপুটে সময় আমিও পার করেছি, পূর্ণিমাও পার করেছে। আমাদের ভক্তরা এখনো আমাদের নিয়ে গর্ব করে। তাই যদি বায়োপিকে অভিনয় করি, সেটা যেন দৃষ্টান্তমূলক কোনো বায়োপিক হয়, এমন প্রত্যাশা আমার। পপি সর্বশেষ সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাতে অভিনয় করেছেন। উল্লেখ্য, পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সূত্র: ইনকিলাব
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট