দেশবাসীর দোয়ায় অনেকটাই সুস্থ মির্জা আব্বাস : প্রতিমন্ত্রী
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। গতকাল রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।
সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিবুর রশিদ বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও ভালোবাসা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পূর্ণ সুস্থতা লাভ করে মির্জা আব্বাস দ্রুতই জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জনগণের কল্যাণে তার ওপর অর্পিত দায়িত্ব ও চলমান কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থকরাও দোয়া ও শুভকামনা জানিয়ে আসছেন। তার দ্রুত আরোগ্য ও স্বাভাবিক কর্মজীবনে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা। সূত্র: ইনকিলাব
