শিবগঞ্জে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ জব্দ করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আটক মাহফুজুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে ট্রাকের যন্ত্রাংশের একটি চালান দেশে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহল দল পিরোজপুর এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায়। তল্লাশিকালে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ সময় ১০ টন পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমানকে আটক করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধারকৃত যন্ত্রাংশগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার সোনামসজিদ এলাকায় একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছিল বিজিবি।
